শিরোনাম

বিদ্যালয়ের দোকান দখলের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ

বিদ্যালয়ের দোকান দখলের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের জমিতে নির্মিত তিনটি দোকানঘর দখলের অভিযোগ উঠেছে আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে। দোকানঘর দখলের প্রতিবাদ ও প্রতিকারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে দখল করা দোকানগুলোর সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের নিজস্ব জমিতে প্রতিষ্ঠানের আয়ের জন্য তিনটি পাকা দোকানঘর নির্মাণ করা হয়। সম্প্রতি রাতের আঁধারে এসে টিন ও শাটারিং লাগিয়ে দোকানঘরগুলো দখলে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানোর পরও কার্যকর সমাধান না হওয়ায় তারা মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, বিদ্যালয়ের নামে জমির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র রয়েছে। বিদ্যালয়ের আয়ের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষই দোকানঘরগুলো নির্মাণ করেছে। প্রধান শিক্ষক মারা যাওয়ায় কিছুটা বিলম্বের সুযোগ নিয়ে মোজাম্মেল হক জমিটির মালিকানা দাবি করে দোকানঘরগুলো দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, দখল করা দোকানগুলোর তালা ভেঙে শিক্ষার্থীরা নতুন তালা লাগানোর চেষ্টা করলে সেখানে এসে বাধা দেন অভিযুক্ত যুবদল নেতা মোজাম্মেল হক।

অভিযোগ অস্বীকার করে মোজাম্মেল হক বলেন, জমিটির প্রকৃত মালিক তিনি এবং তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসার চেষ্টা চলছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর