সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে দিয়ে হাঁটছিলেন আনন্দ দাস। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের পাশের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে থাকে। তবে এতে সড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি খর্নিয়া হাইওয়ে থানাকে জানানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।