শিরোনাম
স্বাস্থ্য পরীক্ষা ১৭ অক্টোবর

২০০ সুপারিশপ্রাপ্ত বিচারকের ডোপ টেস্ট ১২ অক্টোবর

২০০ সুপারিশপ্রাপ্ত বিচারকের ডোপ টেস্ট ১২ অক্টোবর
ফাইল ছবি

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সোমবার ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে সব প্রার্থীর ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে।

এদিকে, ১৭ অক্টোবর শনিবার তিনটি সরকারি হাসপাতালে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। মেধাক্রম ১ থেকে ৭০ পর্যন্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মেধাক্রম ৭১ থেকে ১৪০ পর্যন্ত প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আর মেধাক্রম ১৪১ থেকে ২০০ পর্যন্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মো. তসলিম আরিফ স্বাক্ষরিত ওই ফলাফলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) নিয়োগের জন্য সাময়িকভাবে ২০০ প্রার্থীকে মনোনীত করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর