শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে গ্রিন ভিউ স্কুলে আতঙ্কে একে একে ৪ ছাত্রী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জে গ্রিন ভিউ স্কুলে আতঙ্কে একে একে ৪ ছাত্রী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে একে একে চার ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তীব্র শ্বাসকষ্ট অনুভব করে অচেতন হয়ে পড়ার পর একই শ্রেণিকক্ষের আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকেরা ঘটনাটিকে তীব্র ভয় ও মানসিক চাপজনিত ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ (গণ-মনোজাত অসুস্থতা) হিসেবে চিহ্নিত করেছেন। বর্তমানে বিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বুধবার সকালে জেলা শহরের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ এক ছাত্রী শ্বাসকষ্ট অনুভব করে অচেতন হয়ে পড়ে। শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এর কিছুক্ষণ পর একই শ্রেণিকক্ষের আরও তিন ছাত্রী পর্যায়ক্রমে অসুস্থ বোধ করতে শুরু করে। বিষয়টি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে সাময়িক আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই তিন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের সঙ্গে বাড়িতে পাঠানো হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীদের হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়ে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে বিদ্যালয়ের পাঠদানসহ অন্যান্য কার্যক্রম যথারীতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি বর্তমানে সম্পূর্ণ আশঙ্কামুক্ত। তীব্র ভয় বা মানসিক চাপের কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে একজনের অসুস্থতা দেখে অন্যরাও একই ধরনের উপসর্গ অনুভব করতে পারে। এ নিয়ে অতিরিক্ত উদ্বেগের কোনো কারণ নেই।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের গণ-মনোজাত অসুস্থতায় শারীরিক উপসর্গ দেখা দিলেও এর পেছনে মানসিক চাপ, ভয় বা উদ্বেগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিদ্যালয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক পরিবেশে পাঠদান চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর