শিরোনাম
নগরকান্দায় শামা ওবায়েদ

আইন সবার জন্য সমান, অন্যায়কারীদের রেহাই নেই

আইন সবার জন্য সমান, অন্যায়কারীদের রেহাই নেই

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একদিনের সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, "আইন সবার জন্য সমান। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে।"

শনিবার (১৮ জুলাই) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সমবেদনা জানানো এবং আইন-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

সফরের শুরুতে প্রতিমন্ত্রী ফুলসুতি ইউনিয়নের পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাসুদুর রহমানের বাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরে একই ইউনিয়নে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মাসুদুর রহমানের ভাতিজা ও নাতির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

এরপর ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশ, ফরিদপুর আয়োজিত "শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি" শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, "অন্যায় করে পাশে বসে চা-কফি খেলেই বাঁচবেন—এমন ভাবার কারণ নেই। আইন সবার জন্য সমান। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে।"

তিনি বলেন, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা এবং জমিজমা-সংক্রান্ত বিরোধ প্রতিরোধে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠের তালিকা প্রস্তুত করছে। পর্যায়ক্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যাতে যুবসমাজ খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে অপরাধপ্রবণতা থেকে দূরে থাকে।

তিনি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

এছাড়া অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর