শিরোনাম

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে গোয়েন্দা সংস্থা ও কাস্টমস ইন্টেলিজেন্স। এ ঘটনায় আবুধাবি থেকে আসা মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-350 ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী। পরে বিমানবন্দরের কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা কামরুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের দণ্ড উদ্ধার করা হয়। এসব দণ্ডের ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া তাঁর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িও জব্দ করা হয়েছে।

তিনি জানান, নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে স্বর্ণের দণ্ডগুলো লুকিয়ে রাখা হয়েছিল। বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধার করা ৫৬৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। চালানের পরিমাণ ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পর জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্বর্ণ পরিবহনের অভিযোগে গ্রেপ্তার যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর