শিরোনাম

ঠাকুরগাঁও উপনির্বাচনে জাল ভোটের অভিযোগে আটক ৩ শিক্ষার্থী

ঠাকুরগাঁও উপনির্বাচনে জাল ভোটের অভিযোগে আটক ৩ শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক তিনজনই স্থানীয় দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী। তাঁরা হলেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম জানান, ভোটগ্রহণ চলাকালে সন্দেহ হওয়ায় ওই তিনজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে তাঁদের ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। আপাতত তাঁদের কেন্দ্রের একটি কক্ষে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ ও নারী ৩৮ জন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর