নীলফামারীর সৈয়দপুরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে কনের বাড়ির সাত স্বজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিষ্টানপাড়ায় এ ঘটনা ঘটে।

অসুস্থ সাতজন হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লাল্টুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরিদের স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে হাতিখানা কবরস্থানের পেছনের খ্রিষ্টানপাড়ার বাসিন্দা শুভর সঙ্গে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বোকাতির ডাঙ্গার বাদলের মেয়ে গৌরীর বিয়ে হয়। শনিবার বর-কনেকে নিয়ে যেতে কনের বাড়ির আত্মীয়-স্বজন শুভর বাড়িতে আসেন। সেখানে বৌভাতের খাবার খাওয়ার পরপরই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুল হুদা রোববার সকালে বলেন, বমি ও প্রচণ্ড পেটব্যথা নিয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে।