শিরোনাম

প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা তরুণীও আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ধনিপাড়া গ্রামের উপেন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্বপন তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি সামনে থাকা একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। স্বপন ও তাঁর সঙ্গে থাকা তরুণীও ছিটকে পড়ে আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাঁকে রংপুরে নেওয়ার জন্য রওনা হলে পথেই তাঁর মৃত্যু হয়। এরপর তাঁকে আবার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফা বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় বিকেলে স্বপন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি একটি অটোরিকশার পেছনে ধাক্কা দিলে স্বপন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ও তাঁর সঙ্গে থাকা তরুণী সম্পর্কে প্রেমিক-প্রেমিকা ছিলেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর