কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাকারবারিরা সিগারেট বহনকারী একটি সিএনজি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) সকালে উখিয়া থানার পালংখালী সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী সীমান্ত সড়ক এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চালকসহ চোরাকারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।