বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রোয়াংছড়ি উপজেলার দুর্গম কাইন্তারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বান্দরবান সেক্টর বিজিবির উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে কাইন্তারমুখ, লাপেগই ও লাপাইমুখ গ্রামের প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
বান্দরবান সেক্টর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত জামিল বলেন, সাম্প্রতিক বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে দুর্গম এলাকার অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।