শিরোনাম

তিন বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

তিন বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা, স্থানীয় নেতৃত্ব, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরতে নভেম্বর মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং স্টার্ট বাংলাদেশ হাবের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান।

তুরস্কের ইস্তাম্বুলে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এবং থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভায় তাঁর অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি

আগামী ৩ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি। এতে বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক অগ্রগতি, স্থানীয় সংস্থাগুলোর নেতৃত্ব, দুর্যোগ মোকাবিলায় দেশীয় সম্পদের ব্যবহার এবং এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের যৌথ তহবিল গঠনে স্টার্ট বাংলাদেশ হাবের উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান।

সফরের প্রথম দিন ৩ নভেম্বর নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় মেম্বার ট্রাস্টি পদে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

কপ-৩১ জলবায়ু সম্মেলন

তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সরাসরি অংশ নেবেন ড. শহীদ উজ জামান।

১৩ নভেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘From Loss and Damage to Local Resilience’ শীর্ষক বিশেষ অধিবেশনে ইএসডিওর পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করবেন তিনি।

পরদিন ১৪ নভেম্বর ‘Community-led Adaptation and Climate Justice’ শীর্ষক অধিবেশনে ‘From Vulnerability to Agency’ শিরোনামে একটি গবেষণা উপস্থাপন করবেন। ড. মুহম্মদ শহীদ উজ জামান ও ড. সেলিমা আখতারের যৌথ গবেষণার ভিত্তিতে উপস্থাপনাটি তৈরি করা হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গবেষণাটি ২০২৫ সালে আন্তর্জাতিক সাময়িকী MOJ Public Health-এ প্রকাশিত হয়।

গবেষণায় জলবায়ু ঝুঁকিতে থাকা নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সম্পদ ও সেবায় প্রবেশাধিকার এবং লিঙ্গসংবেদনশীল অভিযোজন কৌশল গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া সম্মেলনের অন্যান্য অধিবেশনে সুন্দরবন অঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত লিঙ্গসংবেদনশীল প্রকৃতিভিত্তিক অভিযোজন নিয়েও অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।

সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক নেতৃত্ব দলের সভা

সফরের শেষ পর্যায়ে ১৬ থেকে ২০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আমন্ত্রণে এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের (আরএলটি) সভায় অংশ নেবেন ড. শহীদ উজ জামান।

সভায় এশিয়া অঞ্চলের নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ইএসডিওর উন্নয়ন কার্যক্রম, উদ্ভাবন ও ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা করবেন তিনি।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইএসডিও দারিদ্র্য বিমোচন, শিশু অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এসব সম্মেলনে ড. মুহম্মদ শহীদ উজ জামানের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়ন ও জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা আন্তর্জাতিক নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং নতুন অংশীদারত্ব গঠনের ক্ষেত্রেও এ সফর ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর