শিরোনাম

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দিলেন প্রধানমন্ত্রী

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দিলেন প্রধানমন্ত্রী
বাসস

সাভার সেনানিবাসে নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাগত দক্ষতা, সাফল্য ও গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে এসব ইউনিটকে এ সম্মাননা দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময়ের পর তিনি সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন।

ন্যাশনাল স্ট্যান্ডার্ডপ্রাপ্ত ইউনিটগুলো হলো—৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ড কেবল একটি পতাকা নয়; এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারিত্ব ও দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক। জাতীয় পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, জাতীয় পতাকা অর্জনের মধ্য দিয়ে ইউনিটগুলোর ওপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন অঙ্গীকার তৈরি হয়। পতাকার মর্যাদা সমুন্নত রাখা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব।

আধুনিক সশস্ত্র বাহিনী গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি বাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংবা জনবলে সীমাবদ্ধ নয়। শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ, জনগণের আস্থা এবং সর্বোপরি চেইন অব কমান্ডই এর মূল শক্তি।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার ও সর্বাধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভার সেনানিবাসের আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।

 

 

 

 

⋮⋮⋮⋮⋮⋮⋮⋮⋮⋮⋮⋮

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর