পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট ও সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে।
.jpeg)
আহতরা হলেন—সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়ার জয়নাল (৩৫)।
.jpeg)
আহত ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ শিয়ালগুলো তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের শরীরে একাধিক ক্ষত থাকায় প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান বলেন, শিয়ালের আক্রমণে আহত হয়ে সাতজন হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা বাড়ি ফিরে গেছেন।