নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান রাজন। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে সহযোগিতার চেষ্টা করছেন জাহিদুর রহমান রাজন। বিশেষ করে ২০২৪ সালের বন্যায় দুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা বিতরণে অংশ নেন তিনি।
সম্প্রতি বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন রাজন। এসব কর্মসূচিতে এলাকার সমস্যা, নাগরিক সুবিধা এবং পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। তাঁর এই কার্যক্রমকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মেয়র পদে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে জাহিদুর রহমান রাজন বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার মানুষের জন্য কাজ করাকে আমি দায়িত্ব মনে করি। বসুরহাট পৌরসভার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “আমি বসুরহাট পৌরসভাকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং তরুণদের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুর আগে জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে চাই।”
রাজন জানান, গণসংযোগের সময় তিনি সরাসরি মানুষের কাছ থেকে এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। তাঁদের পরামর্শের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজাতে চান।
সামাজিক কর্মকাণ্ড ও মাঠপর্যায়ে গণসংযোগের মধ্য দিয়ে বসুরহাট পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাহিদুর রহমান রাজন। তবে নির্বাচনে তিনি শেষ পর্যন্ত প্রার্থী হবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।