নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মদনে কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে রিপোর্টার্স ক্লাবের সভাপতি নূরুল হক রনু বলেন, নিহত সাংবাদিক তাঁকে গুলি করে হত্যার আশঙ্কার কথা আগেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে পুলিশ কার্যকর পদক্ষেপ নিয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ঘটনায় অপূর্ব নামের একজন আসামিকে আগের দিন গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি আলী আজগর পনির, অর্থ সম্পাদক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নূর মুহাম্মদ জরিপ এবং সম্মানিত সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরীসহ অন্যরা।
বক্তারা সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।