সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহত দুই সাংবাদিক হলেন স্থানীয় দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের সাংবাদিক নিবেন্দু তালুকদার।
আহত সাংবাদিকদের অভিযোগ, হাসপাতালের পঞ্চম তলায় ইন্টার্ন চিকিৎসকরা দলবদ্ধভাবে রোগীর স্বজনদের মারধর করছিলেন। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা ঘটনার ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকরা তাঁদের ওপর চড়াও হন। এতে এক সাংবাদিকের মাথা ফেটে যায়।

পরে অন্য সহকর্মীরা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় বক্তব্য জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবু জাফর মো. খালেদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।