ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৭-২৮ উপলক্ষে সিলেটে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর হোটেল গার্ডেন ইনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
তিনি বলেন, আইইবিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্ব, আধুনিক প্রযুক্তি ও নতুন প্রজন্মের প্রকৌশলীদের কর্মসংস্থান নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। এ সময় তিনি এ্যাব সমর্থিত প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান।
শাবিপ্রবির সাবেক প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু এবং ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
সভায় আইইবির কেন্দ্রীয় প্যানেলে সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ এবং সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মিয়া মুহাম্মাদ কাইয়ূমের প্রতি সমর্থন জানান বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএডিসি সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রনজিত কুমার দেব। এ সময় বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও এ্যাবের নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সারা দেশের প্রকৌশলীরা বিভিন্ন পদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন।