বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি ছোট-বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর মধ্যে ১৩টি দোকান এবং দোকানে থাকা নগদ টাকা, মালামাল ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দুটি মিষ্টির দোকান, দুটি ভাতের হোটেল, দুটি মুদি দোকান, একটি ফাস্টফুডের দোকানসহ বিভিন্ন খাবারের দোকান রয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার আরিফ শেখ, মো. বক্কার, নিমাই, রুপ সাহাসহ অন্যরা জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে তারা বাজারে এসে দেখতে পান তাঁদের দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।