সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদ এবং এ ঘটনায় প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূঁইয়া রিপন ও দপ্তর সম্পাদক তুষার রহমান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক নুরুল আমিন শাহীন। সঞ্চালনা করেন দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা বাচ্চু।
মানববন্ধন থেকে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।