শিরোনাম

আইনশৃঙ্খলার অবনতি বিনিয়োগ ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে: জমিয়ত

আইনশৃঙ্খলার অবনতি বিনিয়োগ ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে: জমিয়ত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নতুন বিনিয়োগ ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মিরপুরে জামেয়া হোসাইনিয়া আরজাবাদে দলের খাস কমিটির বৈঠকে নেতারা এ আশঙ্কার কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বৈঠকে নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে নতুন বিনিয়োগের আগ্রহ কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও স্থবিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

নেতারা সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানান, গত নয় মাসে দেশে ১ লাখ ৫১ হাজার ৫৯৬টি মামলা নথিভুক্ত হয়েছে। এর বাইরে মামলা হয়নি—এমন অপরাধের ঘটনাও থাকতে পারে বলে তাঁরা উল্লেখ করেন। তাঁদের মতে, এ পরিস্থিতি জননিরাপত্তার জন্য উদ্বেগজনক হওয়ার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও চ্যালেঞ্জ তৈরি করছে।

জমিয়তের নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় বিনিয়োগকারীদের আস্থা কমে গিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

বৈঠক থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর