শিরোনাম

সৈয়দপুরে বাউস্টে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুরে বাউস্টে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বাড়াতে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাউস্ট অ্যাকাউন্টিং ক্লাব (বিএসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল আহমেদ খান এবং প্রভাষক ইমরান মাহমুদ।

সেশনগুলোতে পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি এবং সচেতন ও দায়িত্বশীল বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম এবং বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে।

বিআইসিএমের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজনের ফলে শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি আর্থিক খাতে পেশাগত সম্ভাবনা সম্পর্কেও ধারণা লাভের সুযোগ তৈরি হয়েছে। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তবমুখী দক্ষতার সমন্বয়, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর