সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ শিশু।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জন। এ ছাড়া ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ শিশু।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ে সারা দেশে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।