শিরোনাম

সৈয়দপুরে নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

সৈয়দপুরে নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম ও সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সামসুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রুপভিত্তিক এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে অংশ নেয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর