পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বাজার। এরই মধ্যে শহরের গোলহাট এলাকায় একটি ব্যতিক্রমী খাসি স্থানীয়দের নজর কেড়েছে। প্রায় ৬৫ কেজি ওজনের খাসিটির নাম ‘সুলতান’। আর এর মালিকের নামও সুলতান হওয়ায় এলাকাজুড়ে এটি পরিচিতি পেয়েছে “সুলতানের সুলতান” নামে।
খাসিটির মালিক সুলতান জানান, ছোটবেলা থেকেই তিনি পশুটিকে পরিবারের সদস্যের মতো যত্নে বড় করেছেন। কোনো ধরনের ক্ষতিকর ফিড বা ওষুধ ছাড়াই ঘাস, ভুসি ও প্রাকৃতিক খাবার খাইয়ে খাসিটিকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, “খাসিটাকে অনেক যত্ন করে বড় করেছি। তাই এটাকে ঘিরে পরিবারের আলাদা আবেগ রয়েছে। ইতোমধ্যে অনেকেই এসে খাসিটি দেখে গেছেন এবং দরদাম করছেন।”
সুঠাম গঠন, চকচকে শরীর ও শান্ত স্বভাবের কারণে খাসিটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রশংসা করছেন।
মালিক জানান, খাসিটির দাম এক লাখ টাকা চাওয়া হলেও আগ্রহী ক্রেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিক্রির সুযোগ রয়েছে। তবে তিনি এমন ক্রেতার কাছেই খাসিটি দিতে চান, যিনি পশুটির যথাযথ মূল্যায়ন করবেন।
স্থানীয়রা বলছেন, বর্তমানে খামারের পাশাপাশি বাসাবাড়িতেও কোরবানির পশু লালন-পালনের প্রবণতা বাড়ছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে পশুর প্রতি মমত্ববোধ তৈরি হওয়ার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগও সৃষ্টি হচ্ছে। এবার ঈদে “সুলতানের সুলতান” তাই সৈয়দপুরের আলোচনার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।