পঞ্চগড়ে এলসির মাধ্যমে টমেটো আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। বুধবার (২০ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গলেহা বাজার এলাকায় পঞ্চগড়–টুনিরহাট সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে কৃষক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে দেশীয় টমেটো পর্যাপ্ত থাকা সত্ত্বেও আমদানি করা টমেটো প্রবেশ করায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা অবিলম্বে বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবি জানান।

বক্তারা বলেন, স্থানীয় উৎপাদন থাকা অবস্থায় এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হলে কৃষক ও ব্যবসায়ী উভয়ই ক্ষতিগ্রস্ত হন। বাজারে দেশীয় টমেটোর ন্যায্য দাম নিশ্চিত করতে এ ধরনের আমদানি বন্ধ করা জরুরি।
কর্মসূচিতে স্থানীয় কৃষক আইনুল হক, কৃষক রিপন মিয়া এবং ব্যবসায়ী আব্দুস সালামসহ অনেকে বক্তব্য দেন।