বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬’-এ মূকাভিনয় (মাইম) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার জান্নাত আলম। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ২৫০ প্রতিযোগী অংশ নেন। গান, নৃত্য, আবৃত্তি, মূকাভিনয়সহ আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মূকাভিনয় বিভাগে সেরা হন জান্নাত।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জান্নাত সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা। সাফল্যের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্কাউটের মাধ্যমে জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ার লক্ষ্য পূরণ হয়েছে। ভবিষ্যতে তিনি আইনজীবী হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।
এটি তার প্রথম বড় অর্জন নয়। এর আগে বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তার এই সাফল্যে শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।