শিরোনাম

১৪ মাসে মানিকগঞ্জে দুই সিভিল সার্জন ওএসডি, স্বাস্থ্য বিভাগে আলোচনা

১৪ মাসে মানিকগঞ্জে দুই সিভিল সার্জন ওএসডি, স্বাস্থ্য বিভাগে আলোচনা

মাত্র ১৪ মাসের ব্যবধানে মানিকগঞ্জের দুই সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সর্বশেষ সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে গত বছরের ৩ মার্চ একই জেলার সাবেক সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিনকেও ওএসডি করা হয়েছিল।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. মোফাখখারুল ইসলামকে ওএসডি করার তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বদলিপূর্বক পদায়নের অংশ হিসেবে তাঁকে মানিকগঞ্জের সিভিল সার্জনের দায়িত্ব থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌসকে মানিকগঞ্জের নতুন সিভিল সার্জন হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২১ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ মে থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

এর আগে গত বছরের ৩ মার্চ দেশের ২৯ জেলার সিভিল সার্জনকে একযোগে ওএসডি করা হলে ওই তালিকায় ছিলেন মানিকগঞ্জের তৎকালীন সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিনও।

তৎকালীন সময়ে তাঁর ওএসডি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার স্বাস্থ্যসংশ্লিষ্টরা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ও নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) মানিকগঞ্জ জেলা শাখা যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করেছিল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর