নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি যানবাহনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা সদরের বাইপাস সড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস ও মো. আসাদুজ্জামান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
অভিযান চলাকালে তিনটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। পরে উদ্ধার হওয়া চারটি হর্ন ধ্বংস করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চালকদের নিষিদ্ধ হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।