পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকায় এবার বোরো ধানে ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। উন্নত জাতের ধান চাষে উৎপাদন ব্যয় কম এবং ফলন বেশি হওয়ায় কৃষকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাঁচ উপজেলায় ৩২ হাজার ৭৩২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও নিয়মিত মাঠ পর্যবেক্ষণের কারণে অধিকাংশ জমির ফসল এখন পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে।
সম্প্রতি বেংহারি ও আটোয়ারী উপজেলার মির্জাপুর পানবারা এলাকায় বায়ারের অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে কৃষি কর্মকর্তা ও বীজ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। তারা জানান, এ জাতের ধানে রোগবালাই কম এবং ফলন তুলনামূলক বেশি।
কৃষকরা জানান, নতুন জাতের ধানে উৎপাদন খরচ কমে এসেছে এবং প্রতি বিঘায় উল্লেখযোগ্য ফলন পাওয়া যাচ্ছে। ব্লাস্টসহ সাধারণ রোগের আক্রমণ না থাকায় চাষে ঝুঁকি কমেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী বলেন, মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ নিয়মিত তদারকি ও পরামর্শ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।