শিরোনাম

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত

নীলফামারীর জলঢাকা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুমি রানি রায় (৩৫) নামে এক নারী ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক স্বপন রায় (৩০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি রানি রায় জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন। আহত স্বপন রায় ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকার বিপিন রায়ের ছেলে এবং নিহতের ভাগ্নি জামাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুমি রানি রায় মোটরসাইকেলে করে স্বপন রায়ের সঙ্গে কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-মীরগঞ্জগামী ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি নৈশ কোচের মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতে মোটরসাইকেলচালক হঠাৎ ব্রেক করলে সড়কে ছড়িয়ে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে যায়।

এতে স্বপন রায় রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। অন্যদিকে সুমি রানি রায় সড়কের অপর পাশে ছিটকে পড়ে বাসটির পেছনের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত স্বপন রায়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের ওপর বালু পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা দ্রুত সড়ক থেকে বালু অপসারণ, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর