শিরোনাম

জুনের ২য় সপ্তাহে বাজারে আসছে জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আম

জুনের ২য় সপ্তাহে বাজারে আসছে জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আম
ছবি: প্রতিনিধি

জিআই পণ্য হিসেবে স্বীকৃত রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে বাজারে আসতে পারে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিভাগের সংশ্লিষ্টরা। ইতোমধ্যে আমবাগান কিনতে বিভিন্ন এলাকার পাইকারদের আনাগোনা শুরু হয়েছে।

আমচাষিরা জানান, জুনের দ্বিতীয় সপ্তাহের আগে বাজারে যে হাঁড়িভাঙ্গা আম পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই অপরিপক্ক। এছাড়া হাঁড়িভাঙ্গার মতো দেখতে অন্য আম হাঁড়িভাঙ্গা নামে বিক্রির আশঙ্কাও রয়েছে। এতে ক্রেতারা প্রতারিত হতে পারেন বলে সতর্ক করেছেন তারা।

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর, গোপীনাথপুর, বিষ্ণুপুর ও কালুপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এবার অধিকাংশ বাগানে আমের ফলন কম হয়েছে। টানা তাপপ্রবাহ, খরা ও পোকার আক্রমণে অনেক গুটি ঝরে পড়েছে। ফলে আমের আকারও তুলনামূলক ছোট হয়েছে।

আমচাষিরা জানান, মুকুল আসার সময়ে বৃষ্টি এবং পরে দীর্ঘ খরা ও তীব্র গরমে বাগানে ক্ষতি হয়েছে। কীটনাশক ও সেচ দিয়েও পুরোপুরি ক্ষতি ঠেকানো যায়নি। এতে উৎপাদন কম হওয়ার শঙ্কা রয়েছে।

তবে ফলন কম হলেও হাঁড়িভাঙ্গা আমের চাহিদা ও বাজারমূল্য নিয়ে আশাবাদী চাষিরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে আগাম বাগান কেনার জন্য দরদাম করছেন।

উল্লেখ্য, বিষমুক্ত, আঁশবিহীন ও সুস্বাদু হওয়ায় হাঁড়িভাঙ্গা আম দেশের অন্যতম জনপ্রিয় আম হিসেবে পরিচিত। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে এর উৎপত্তি। বর্তমানে রংপুর ছাড়াও নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও এর চাষ বিস্তৃত হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর