শেরপুরের নালিতাবাড়ীতে এক বিকাশ ব্যবসায়ীকে গতিরোধ করে নগদ আড়াই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী–শেরপুর আঞ্চলিক সড়কের কালিনগর দুদুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট আরিফিন কবির সুমন পৌর শহরের গড়কান্দা মোড় এলাকার বাসিন্দা। তিনি প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন।
ভুক্তভোগীর অভিযোগ, আগে থেকেই ওঁত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ২টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন ফোন ছিল।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তবে অন্ধকারে দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। বুধবার সকালে এ ঘটনায় নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়রা ওই সড়কে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।