শিশু রামিসা হত্যাসহ সারাদেশে খুন, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বক্তব্য দেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি তাসলিমা রিঙ্কি, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোছনা দত্ত ও ভূমিহীন নেতা আব্দুস সামাদসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন, খুন, অপহরণ ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং বিচারের দাবিতে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।