পঞ্চগড়ের বোদা উপজেলায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমানসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে কৃষকদের নিয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ মে) উপজেলা অডিটোরিয়াম হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “পাটনার” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে কৃষক পার্টনার সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী এবং সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, সমবায়ভিত্তিক চাষাবাদ, কৃষক মাঠ স্কুল ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি জলবায়ু সহনশীল ও পুষ্টিমানসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।