শিরোনাম

হবিগঞ্জে নাসিরুদ্দিন পাটওয়ারী-সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জে নাসিরুদ্দিন পাটওয়ারী-সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জ শহরে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বাদী হয়ে অভিযোগটি দাখিল করেন।

অভিযোগে নাম উল্লেখ করা অন্যরা হলেন— এনসিপি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, জাতীয় শক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন জাকি, মো. আব্দুল হাই কামাল, রুহাম গাজী ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসিরুদ্দিন পাটওয়ারী, সারজিস আলমসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন।

এছাড়া হামলার সময় বাদীসহ ছাত্রদল নেতাদের চারটি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে একই ঘটনায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, গভীর রাতে অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর