শিরোনাম

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষকদের হোয়াটসঅ্যাপ হাজিরা প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষকদের হোয়াটসঅ্যাপ হাজিরা প্রত্যাহার

ঠাকুরগাঁও জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাত্র ছয় দিন আগে চালু হওয়া হোয়াটসঅ্যাপ-ভিত্তিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা হঠাৎই বাতিল করে দিলো জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। কারণ হিসেবে বলা হয়েছে, মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শনে শিক্ষকদের উপস্থিতি সন্তোষজনক পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, সীমান্তঘেঁষা এই জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে অভিযোগ ওঠার প্রেক্ষিতেই জেলা প্রশাসনের নির্দেশনায় বিশেষ এই মনিটরিং উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ২২ জুলাই জারি করা এক নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ের ধাঁচে মাধ্যমিকের শিক্ষকদেরও প্রতিদিন হোয়াটসঅ্যাপে ছবি তুলে হাজিরার তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নতুন চিঠিতে জানানো হয়, ২২ জুলাইয়ের নির্দেশনার ১ নম্বর ক্রমিকে থাকা "হোয়াটসঅ্যাপে হাজিরা পাঠানোর" নির্দেশনাটি বাতিল করা হলেও, চিঠির বাকি সব নির্দেশনা যথারীতি বহাল থাকবে। বিষয়টি দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত করারও অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, "শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই জেলা প্রশাসনের পরামর্শে প্রথমে চিঠিটি দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে মাঠ পর্যায়ের খোঁজখবর নিয়ে দেখা গেছে, বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিতি স্বাভাবিক ও ঠিক আছে। সেই বিবেচনাতেই হোয়াটসঅ্যাপে হাজিরা পাঠানোর সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে।"

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর