ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর 'খ' ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে প্রায় ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিসে নিজ কক্ষে বসে ইমরান শেখ এক ব্যক্তির কাছ থেকে গুনে গুনে টাকা নিচ্ছেন।
ভিডিওতে তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, “উনিও চল্লিশতম বিসিএস, আমিও চল্লিশতম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন; আর আমি নন-ক্যাডার হয়েছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ দাবি করেন, এটি কোনো ঘুষের টাকা নয়; বরং তাঁর ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার সময়ের ভিডিও। তিনি বলেন, অনেকেই তাঁর কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার নেন এবং পরে তা ফেরত দেন। তবে যিনি টাকা ফেরত দিয়েছেন, তাঁর পরিচয় প্রকাশ করতে তিনি রাজি হননি।
এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এর আগেও দায়িত্বে অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছিল। ভাইরাল ভিডিওতে টাকা নেওয়ার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।