শিরোনাম

রংপুরে নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রংপুরে নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধের দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলীসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে রংপুর সিনিয়র সহকারী জজ সদর আদালতে মহানগর নাগরিক কমিটির সিনিয়র সদস্য আব্দুর জব্বার সরকারসহ প্রি-পেইড মিটারের ১৫ জন ভুক্তভোগীর পক্ষে এ মামলা করা হয়।

মামলার বিবাদীরা হলেন—নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাদ্দেক কবির, শরিফুল ইসলাম, মোস্তাফিজার রহমান ভূঁইয়া, হিসাব শাখার ব্যবস্থাপক কানিজ ফাতেমা এবং মোকাবিলা বিবাদী হিসেবে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

মামলার বিষয়ে রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ সাংবাদিকদের বলেন, ২০২৫ সালের ৪ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনায় নতুন সংযোগ এবং নষ্ট পোস্ট-পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের কথা বলা হলেও নেসকো সচল পোস্ট-পেইড মিটার খুলে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন করছে।

তিনি দাবি করেন, রংপুর ও রাজশাহী অঞ্চলে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সাড়ে ৯ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের আপত্তি ও আন্দোলন থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে। তাই প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রমকে বেআইনি ঘোষণা চেয়ে আদালতে মামলা করা হয়েছে।

অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ আরও বলেন, “বিদ্যুৎ একটি সেবামূলক খাত। তাহলে সেই সেবা পেতে গ্রাহককে আগাম অর্থ পরিশোধ করতে হবে কেন? প্রতিবার রিচার্জের সময় মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও ভ্যাট কেটে নেওয়া হচ্ছে। অথচ বলা হচ্ছে পোস্ট-পেইড ও প্রি-পেইড মিটারে বিদ্যুতের খরচ একই।”

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎ আইন অনুযায়ী সংযোগ বিচ্ছিন্নের আগে গ্রাহককে কমপক্ষে ১৫ দিনের নোটিশ দেওয়ার বিধান থাকলেও প্রি-পেইড মিটার ব্যবস্থায় সেই আইনের যথাযথ প্রতিফলন নেই।

এ সময় মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক মোজাহার আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বিষয়ে মামলায় বিবাদী নেসকো কর্মকর্তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার বিষয়ে আদালতের সিদ্ধান্তও এখনও জানা যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর