রংপুরের হারাগাছে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা দেখিয়ে টাকা দাবি, যৌন সম্পর্কের প্রস্তাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন হারাগাছ থানার রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩৫) এবং একই এলাকার মজমুলের ছেলে মোকারেম মোকা (২২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার এসআই মাহাবুব রহমান জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ভুক্তভোগী নারী এমদাদুল হককে আসামি করে হারাগাছ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে এমদাদুল জানান, তিনি প্রতিবেশী মোকারেমের কাছ থেকে ওই নারীর গোসলের ভিডিও সংগ্রহ করেছিলেন। পরে পুলিশের অভিযানে মোকারেমকেও আটক করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মোকারেম স্বীকার করেছেন যে প্রায় সাত মাস আগে ভুক্তভোগী নারী নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, গত ২০ জুলাই বিকেলে ওই নারীর হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন মোকারেম। এতে সাড়া না পেয়ে তিনি ভিডিওটি এমদাদুলের কাছে পাঠিয়ে দেন। পরে ২২ জুলাই মধ্যরাতে এমদাদুল একই ভিডিও পাঠিয়ে ভুক্তভোগীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত দুজনের মোবাইল ফোনে ভুক্তভোগীর ভিডিও এবং হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার আলামত পাওয়া গেছে। মোবাইল দুটি জব্দ করা হয়েছে।
রংপুর আদালতের কোর্ট পরিদর্শক আবু সাঈদ চৌধুরী জানান, আদালতের নির্দেশে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।