শিরোনাম

আরপিএমপির জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আরপিএমপির জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) জুন ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় জানানো হয়, জুন মাসে মাদক ও অপরাধবিরোধী অভিযানে ১১০টি নন-এফআইআর মামলায় ১৮২ জন এবং ১৫৬টি নিয়মিত মামলায় ১৫০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৬০টি মাদক মামলায় ৭৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানে ১ হাজার ১১৪ কেজি গাঁজা, ৯৪৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩ পিস ট্যাপেন্ডল, ১৬ বোতল ফেন্সিডিল, দুটি অটোরিকশা, দুটি মোটরসাইকেল এবং চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামতের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩১ হাজার ১৪০ টাকা।

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদারের নির্দেশ দেন।

এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অবৈধ পার্কিং ও বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা এবং জনগণকে আন্তরিক ও পেশাদার পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীসহ বিভিন্ন জোনের সহকারী পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর