নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-তে ১৫তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার।
সভায় ১৪তম শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী অনুমোদন, অভিযোগ কমিটির প্রতিবেদন পর্যালোচনা, বিভিন্ন শৃঙ্খলামূলক বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ও সুশাসন আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শৃঙ্খলা কমিটির সদস্য কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (অব.), এরিয়া সদর দপ্তর রংপুরের কর্নেল অ্যাডমিন কর্নেল সাব্বির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ও কো-অপ্ট সদস্য লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন (অব.), বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. মামুন হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য-সচিব সহযোগী অধ্যাপক মো. জাবের হোসেন।
বক্তারা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শৃঙ্খলা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভা শেষে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।