রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গায় এ অভিযান পরিচালনা করে।
সোমবার বিকেলে ফরিদপুরে র্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
র্যাব জানায়, অভিযানে আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়ি থেকে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটকরা হলেন— আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।
র্যাবের তথ্য অনুযায়ী, আটক ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।