শিরোনাম
শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত

সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই

সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই

"সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণে বাঘ সংরক্ষণের কোনো বিকল্প নেই।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সিএমসি সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন।

সিএমসি সদস্য আবু ফরিদের সঞ্চালনায় বক্তব্য দেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, সিএমসি সদস্য আব্দুর রশিদ এবং উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।

বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের জাতীয় গর্ব নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই বাঘ ও সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, মানব-বন্যপ্রাণীর সংঘাত এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের বাঘের আবাসস্থল ক্রমেই হুমকির মুখে পড়ছে। এ সংকট মোকাবিলায় বন বিভাগ, সহ-ব্যবস্থাপনা কমিটি, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা উল্লেখ করেন, সুন্দরবন টিকে থাকলে উপকূলীয় জীববৈচিত্র্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা এবং লাখো মানুষের জীবিকা সুরক্ষিত থাকবে। তাই বাঘ সংরক্ষণকে শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ হিসেবে নয়, বরং সুন্দরবনের সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের আন্দোলন হিসেবে দেখতে হবে।

আলোচনা সভায় বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর