বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদম থেকে ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে করে ডিম পাহাড় হয়ে তিন্দু এলাকায় পৌঁছায়। পরে তারা লাংলোক ঝরনা ভ্রমণের উদ্দেশ্যে নৌকাযোগে রওনা দেন। পথে রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার সময় নৌকায় থাকা অন্য পর্যটকেরা স্থানীয়দের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও একজন পর্যটক নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপাথর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।