পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং আমন মৌসুমে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিনামূল্যে আমন ধানের বীজ, সবজি বীজ, রাসায়নিক সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার মাইসছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি সদর ইউনিয়নের চৌংড়াছড়ি মগপাড়া এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার চারটি ইউনিয়নের মোট ৯০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা।

প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে উন্নত জাতের আমন ধানের বীজ, সাত ধরনের সবজি বীজ এবং ৩০ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত কৃষিকাজে ফিরিয়ে আনতে সরকারের এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়মতো বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষকরা পুনরায় চাষাবাদে উৎসাহিত হবেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।