জামালপুরের মেলান্দহ উপজেলার শাহজাতপুর গ্রামে ভেজাল সরিষার তেল উৎপাদনকারী একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল তেল ধ্বংস করা হয় এবং কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
অভিযানে কারখানার মালিক মো. আলিম উদ্দিনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় মজুত থাকা প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল তেল মাটিতে ফেলে ধ্বংস করা হয়। ভবিষ্যতে পুনরায় উৎপাদন বন্ধ রাখতে কারখানাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
প্রশাসন জানায়, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে ভেজাল তেল তৈরি করে তা ‘জোড়া ষাঁড় মার্কা খাঁটি সরিষার তেল’ নামে বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় পরীক্ষায় কথিত সরিষার তেলে সরিষার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানানো হয়।
জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।