শিরোনাম

ঈশ্বরগঞ্জে অস্ত্রের মুখে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি দুই ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জে অস্ত্রের মুখে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি দুই ট্রলার ছিনতাই

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বালুভর্তি দুটি ট্রলার অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বালু ব্যবসায়ী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের বটতলা বালুর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি দুটি ট্রলার জব্দ করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন ও নিলামের সুবিধার্থে ট্রলার দুটি নদীপথে পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় নিয়ে স্থানীয় বাসিন্দা উবায়দুর রহমানের জিম্মায় রাখা হয়।

অভিযোগ করা হয়েছে, প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পর মরিচারচর গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ও স্থানীয় বালু ব্যবসায়ী মোখলেছুর রহমানের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্রধারী সেখানে যায়। তারা জিম্মাদার উবায়দুর রহমানকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জব্দ করা বালুভর্তি দুটি ট্রলার নিয়ে চলে যায়।

স্থানীয়রা বলছেন, প্রশাসনের জব্দ করা সম্পদ প্রকাশ্যে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারবেন না। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিনা রহমানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

তবে ইউএনও সানজিনা রহমানের সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর