জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমানে সংসদে এনসিপির ছয়জন সদস্য রয়েছেন। আগামীতে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে, ইনশাআল্লাহ।” তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে দলটি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এনসিপি ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন দলের যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং জেলা সদস্য সচিব লাবিব আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাটে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা সদস্য সচিব লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়।