শিরোনাম

মালয়েশীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় সভা

মালয়েশীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় সভা

পঞ্চগড়ে মালয়েশিয়ার প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা, বিনিয়োগের সম্ভাবনা এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শুকরিয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা পঞ্চগড়সহ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি পঞ্চগড়ে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন।

মালয়েশীয় প্রতিনিধি দলের প্রধান এবং এমডিটি ইনোভেশনস এসডিএন বিএইচডি-এর প্রধান পরিচালনা কর্মকর্তা সিম হন ওয়াই ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা বিজয় শঙ্কর তাদের প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তি, আইওটি (IoT) সমাধান এবং তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন।

তারা বাংলাদেশের প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পঞ্চগড়ে সৌরবিদ্যুৎ (সোলার প্ল্যান্ট) স্থাপনের সম্ভাবনার বিষয়েও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পঞ্চগড় চেম্বার অব কমার্সের প্রতিনিধি, আমদানি-রপ্তানিকারক সমিতির প্রতিনিধি, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর